প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ
Apr 11, 2026 ইং
কুষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

কুষ্টিয়ার খোকসায় বাজারের মধ্যে প্রকাশ্যে দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে এবং অপর এক রংমিস্ত্রীকে পিটিয়ে আহত করেছে। শনিবার বেলা ১২টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের হিজলাবট বাজারে জনসমুখ্যে এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়েছেন হিজলাবট গ্রামের জাহিদ হোসেনের ছেলে রিয়াজ (২২)।
এ সময় দুর্বৃত্তরা দেবিনগর গ্রামের ময়েন আলীর ছেলে রং মিস্ত্রী আশরাফুল (৩৫) কেও রক্তাক্ত আহত করে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। পরে গুলিবিদ্ধ রিয়াজকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
গুলিবিদ্ধ ওই যুবকের ফুফাতো ভাই রুহুল আমিন জানান, বেলা ১২টার দিকে হিজলাবট বাজারের একটি কাঠের ফার্নিচারের দোকানে রিয়াজ ও রংমিস্ত্রী আশরাফুল কথা বলছিলো। দুর্বৃত্তরা জনসমুখ্যে বাজারের মধ্যে তাদের উপর আক্রমন চালায়।
এসময় রিয়াজ পালিয়ে যাবার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মুক্তাদির হাসান বলেন, গুলিবিদ্ধ রিয়াজের অবস্থা আশঙ্কাজনক। পেটের সামনের দিকে চামড়ার নিচে গুলিটি আটকে রয়েছে। গুলিটির অবস্থান নির্ণয় করাসহ উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া রেফার্ড করা হয়েছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন প্রকাশ্য বাজারে যুবক গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ যুবক ও রং মিস্ত্রী একটি চিহ্ণিত সন্ত্রাসী বাহিনীর লোক। নিজের মধ্যে কথা কাটাকাটি নিয়ে বিষয়টি গুলির পর্যাযে পৌঁছেছে। গুলিবিদ্ধ আহতের চিকিৎসা নিয়ে তার পরিবার কুষ্টিয়াতে রয়েছে। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। কেউ মামলা দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Satto Khobor